সেরা ২০ স্মার্টফোন
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:03 Jan 2016 04:59:01 PM Sunday || Updated:03 Jan 2016 06:08:36 PM Sunday
আপনি যদি প্রিমিয়াম ফ্লাগশিপ স্মার্টফোন কেনার জন্য মনস্থির করে থাকেন, তাহলে জেনে নিন বর্তমান সময়ে বিশ্বের সেরা ২০টি স্মার্টফোনের তথ্য। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে সেরা ২০টি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের র্যাংকিং প্রকাশ করেছে।
২০. ব্ল্যাকবেরি পাসপোর্ট
ব্লাকবেরি পাসপোর্ট স্মার্টফোনটির ডিজাইন ভিন্ন ঘরানার। তবে চার কোনা পাসপোর্ট আকৃতির এই ফোনটি ব্ল্যাকবেরির অনেক ব্যবহারকারীর কাছেই বেশ পছন্দ। স্মার্টফোনটির কিবোর্ডটিও বেশ আকর্ষণীয়। তবে চার কোনা স্কয়ার ডিজাইন-ই আসলে স্মার্টফোনটির মূল বিশেষত্ব। ৪.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০.৩। ব্ল্যাকবেরি পাসপোর্ট-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ হাজার ৩০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৯. ব্ল্যাকবেরি ক্লাসিক
আপনি যদি ব্ল্যাকবেরি স্মার্টফোনের ভক্ত হয়ে থাকেন এবং ব্ল্যাকবেরির শুরুর দিককার স্মার্টফোনগুলোর ডিজাইন ভালো লেগে থাকে, তাহলে নিশ্চিত আপনার পছন্দ হবে ব্ল্যাকবেরির নতুন ক্লাসিক স্মার্টফোনটি। কোয়ার্টি কিবোর্ডের এই স্মার্টফোনটি দেখতে ব্ল্যাকবেরির একসময়ের বোল্ড এবং কার্ভ স্মার্টফোনগুলোর মতো। ৩.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৫১৫ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০.৩.১। ব্ল্যাকবেরি ক্লাসিক-এর দাম বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৯০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৮. মাইক্রোসফট লুমিয়া ৯৫০
আপনি যদি একটি অত্যাধুনিক মানের উইন্ডোজ ফোন কিনতে চান, তাহলে মাইক্রোসফটের লুমিয়া ৯৫০ স্মার্টফোনটিকে পছন্দের শীর্ষে রাখতে পারেন। এই স্মার্টফোনটিতে কিবোর্ড, মাউস এবং মনিটরও সংযোগ সুবিধা রয়েছে। ৫.২ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং উইন্ডোজ। মাইক্রোসফট লুমিয়া ৯৫০-এর দাম ৫৬ হাজার টাকা।
১৭. ব্ল্যাকবেরি প্রিভ
ব্ল্যাকবেরির অনেক প্রত্যাশার স্মার্টফোন তাদের ‘প্রিভ’মডেলটি। কেননা অ্যান্ড্রয়েডের রমরমা বর্তমান বাজারে এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ব্ল্যাকবেরির প্রথম স্মার্টফোন। ব্ল্যাকবেরি প্রিভ মডেলের নতুন এই স্মার্টফোনটি অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের দেখতে হলেও, এর ডিজাইনে ভিন্ন রয়েছে। এতে স্লাইড সুবিধার কিবোর্ড যুক্ত রয়েছে। যারা স্লাইড সুবিধার স্মার্টফোন ব্যবহারে আগ্রহী এবং সে স্মার্টফোনে গুগলের অ্যাপসও চান, তাদের জন্য আদর্শ ব্ল্যাকবেরির প্রিভ স্মার্টফোনটি। ৫.৪ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩৪১০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। ব্ল্যাকবেরি প্রিভ-এর দাম দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৫৫ হাজার ১০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৬. ওয়ান প্লাস এক্স
সাশ্রয়ী দামের বেশ আকর্ষণীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ান প্লাস এক্স। নান্দনিক ডিজাইনের এই স্মার্টফোনটি আধুনিক ফিচারে সমৃদ্ধ। ৫.০ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৫২৫ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। ওয়ান প্লাস এক্স -এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ১৯ হাজার ৭০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৫. মটোরোলা মোটো জি
সহজলভ্য দামের মধ্যে ভালো একটি স্মার্টফোন ব্যবহার করতে চাইলে, মটোরোলার ‘মটো জি’ স্মার্টফোনটি অতুলনীয়। এটি যে খুব শক্তিশালী একটি ফোন তা কিন্তু নয়, তবে দামের বিচারে যে ফিচার রয়েছে তাতে এটি অন্যতম সেরা একটি স্মার্টফোন। ৫.০ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৪৭০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। মটোরোলার মটো জি-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ১৪ হাজার ২০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৪. এইচটিসি ওয়ান এম৯
এইচটিসির ওয়ান এম৯ স্মার্টফোনটি দেখতে খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম ডিজাইনের। তবে এইচটিসির সাড়া জাগানো ফ্ল্যাগশিপ সিরিজ ওয়ান এর নতুন ফোন এম৯-এর হতাশাজনক দিক রয়েছে। মূলত ডিজাইনকেই এই ফোনের সবচেয়ে প্রশংসনীয় দিক বলা হয়েছে। সেটুকু বাদ দিলে পূর্ববর্তী ফোনের তুলনায় নতুন ফোনটির পার্থক্য প্রত্যাশার চেয়ে কমই। মোবাইল পেমেন্টে সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য এইচটিসি ওয়ান সিরিজ জনপ্রিয় হলেও নতুন এম৯ ডিভাইসটিতে বিশেষ এই দুইটি সুবিধা নেই। ৫.০ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৮৪০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। এইচটিসি ওয়ান এম৯-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ হাজার ৩০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১৩. অ্যাপল আইফোন ৬ প্লাস
দীর্ঘ ডিসপ্লের স্মার্টফোন হিসেবে বাজারে এখনো সবার চেয়ে সেরা অ্যাপলের আইফোন ৬ প্লাস। ২০১৪ সালে বাজারে আসা এই স্মার্টফোনটি ব্যবহারে অ্যাপলের বর্তমান উন্নত সংস্করণ আইফোন ৬এস প্লাসের কাছাকাছিই অভিজ্ঞতা মিলবে। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১.২ মেগাপিক্সেল। রয়েছে ১ জিবি র্যাম। ব্যাটারি ২৯১৫ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৮। আইফোন ৬ প্লাস (১৬ জিবি)-এর দাম ৬৪ হাজার টাকা।
১২. অ্যাপল আইফোন ৬
এটা ঠিক যে, আইফোন ৬ বাজারে এসেছে ২০১৪ সালে কিন্তু এই স্মার্টফোনটির জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি। এমনকি গত বছরে বাজারে আসা আইফোন ৬এস এর মতোই এটি। আপনার হাতে এই ফোনটি দেখে অন্যরা ধারণা করতে পারবে না যে, এটি আইফোনের আগের বছরের মডেল। ৪.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ১.২ মেগাপিক্সেল। রয়েছে ১ জিবি র্যাম। ব্যাটারি ১৮১০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৮। আইফোন ৬ (১৬ জিবি)-এর দাম ৫৮ হাজার টাকা।
১১. ওয়ান প্লাস ২
স্মার্টফোন নির্মাতা নতুন চাইনিজ প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ইতিমধ্যে ওয়ান প্লাস তাদের আকর্ষণীয় কনফিগারেশনের স্মার্টফোনের মাধ্যমে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। যদি অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন সহজলভ্য দামের মধ্যে পেতে চান, তাহলে ওয়ান প্লাস ২ রাখতে পারেন পছন্দের তালিকায়। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১। ওয়ান প্লাস ২-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ২৫ হাজার ৯০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
১০. মটোরোলা মটো এক্স পিওর
মটোরোলার মটো এক্স পিওর স্মার্টফোনটির ক্ষেত্রে বলা যায় সহজলভ্য দামে সর্বোচ্চ উন্নত সুবিধা মিলবে এই স্মার্টফোনটিতে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে টার্বো পাওয়ার চার্জিং, ওয়াটার প্রটেকশন ফিচারসহ নানা সুবিধা রয়েছে। মটোরোলা মটো এক্স পিওর-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৩১ হাজার ৪০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
৯. এইচটিসি ওয়ান এ৯
এই স্মার্টফোনটিকে বলা হচ্ছে, অ্যাপলের আইফোন ৬এসের বিকল্প। এইচটিসির এই স্মার্টফোনটির সঙ্গে আইফোন ৬ এসের বেশ কিছু সাদৃশ্য রয়েছে। ধাতব কাঠামোতে এইচটিসি ওয়ান এ৯ ফোনটিতে একক স্পিকার, গোলাকার ক্যামেরা সেটআপসহ বেশ কিছুতে আইফোনের সঙ্গে মিল রয়েছে। ৫.০ ইঞ্চি ডিসপ্লের এইচটিসির নতুন এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২১৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। এইচটিসি ওয়ান এ৯-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ হাজার ৩০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
৮. স্যামসাং গ্যালাক্সি এস ৬
একটা উন্নত ফ্লাগশিপ স্মার্টফোনের মধ্যে আপনি যা প্রত্যাশা করেন, তার সবই রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৬ স্মার্টফোনে। অন্যতম সেরা ডিজাইনের এই স্মার্টফোনটিতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর প্রযুক্তি এবং স্যামসাংযের নতুন মোবাইল পেমেন্টে সিস্টেম ‘স্যামসাং পে’ রয়েছে। ৫.১ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৫৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০.২। স্যামসাং গ্যালাক্সি এস৬-এর দাম ৪৪ হাজার ৯০০ টাকা।
৭. স্যামসাং গ্যালাক্সি নোট ৫
স্যামসাংযের গ্যালাক্সি নোট ৫ বৃহৎ ডিসপ্লের অন্যতম শ্রেষ্ঠ ফোন। প্রিমিয়াম এই স্মার্টফোনটিতে এস পেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি ও দ্রুতগতিতে চার্জ দেওয়ার প্রযুক্তি রয়েছে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৪ জিবি র্যাম। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। স্যামসাং গ্যালাক্সি নোট ৫-এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা।
৬. স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ
স্যামসাংয়ের অসাধারণ সব ফ্লাগশিপ স্মার্টফোনের মধ্যে অন্যতম সেরা একটি হচ্ছে গ্যালাক্সি এস৬ এজ। এটি অনেকটা গ্যালাক্সি এস৬ এর মতো হলেও, বিশেষত্ব হচ্ছে এর অসাধারণ কার্ভড স্ক্রিন। এটি বিশ্বের প্রথম দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ৫.১ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০.২। স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ-এর দাম ৭৯ হাজার ৯০০ টাকা।
৫. স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস
স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এস৬ এজ’ সিরিজের বৃহৎ ডিসপ্লের ফোন ‘গ্যালাক্সি এস৬ এজ প্লাস’। স্যামসাংযের এ যাবত কালের তৈরি স্মার্টফোনগুলোর মধ্যে সেরা স্মার্টফোন এটি। সেটটির পাশ বাঁকানো। নামের সঙ্গে ‘প্লাস’ জুড়ে দেওয়া হয়েছে। কারণ এর স্ক্রিন আগের মডেলের চেয়ে বেড়েছে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ৪ জিবি র্যাম। ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস-এর বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ হাজার ২০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
৪. নেক্সাস ৫এক্স
গুগলের ফ্লাগশিপ স্মার্টফোন নেক্সাস ৫এক্স। এবং বর্তমান সময়ের অন্যতম সেরা ফোন এটি। স্মার্টফোনটিকে আইফোনের উপযুক্ত প্রতিদ্বন্দ্বীও বলা যেতে পারে। আপনার যদি আইফোন কেনার ইচ্ছা না থাকে এবং বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ইচ্ছা থাকে, তাহলে নিক্সাস ৫এক্স আপনাকে হতাশ করবে না। গুগলের পক্ষে নেক্সাস ৫এক্স স্মার্টফোনটি বাজারে এনেছে এলজি। ৫.২ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২.৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৭০০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। এলজি নেক্সাস ৫এক্স-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ২৯ হাজার ৯০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
৩. নেক্সাস ৬পি
গুগলের নেক্সাস ৫এক্সের তুলনায় কিছুটা উন্নত ও বড় ডিসপ্লে সুবিধাসম্পন্ন গুগলের নেক্সাস ৬পি স্মার্টফোনটি। এটিও বর্তমান সময়ের অন্যতম সেরা একটি ফোন। গুগলের পক্ষে নেক্সাস ৬পি স্মার্টফোনটি বাজারে এনেছে হুয়াউয়ে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রয়েছে ৩ জিবি র্যাম। ব্যাটারি ৩৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শাম্যালো ৬.০। হুয়াউয়ে নেক্সাস ৬পি-এর দাম পড়বে বাংলাদেশি টাকায় প্রায় ৩৯ হাজার ৩০০ টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে)।
২. অ্যাপল আইফোন ৬এস প্লাস
অ্যাপলের আইফোন ৬এস প্লাস হচ্ছে, বড় ডিসপ্লের স্মার্টফোনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। দেখতে অনেকটা আইফোন ৬ প্লাসের মতো হলেও, নতুন আইফোন ৬এস প্লাস স্মার্টফোনটিতে বিভিন্ন নতুন ফিচার রয়েছে। এর মধ্যে থ্রিডি টাচ প্রযুক্তি উল্লেখ্য। ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৯। আইফোন ৬এস প্লাস-এর দাম ১৬ জিবি ৮১ হাজার ৯৯৯ টাকা। ৬৪ জিবি ৯২ হাজার ৯৯৯ টাকা। ১২৮ জিবি ১ লাখ ৩ হাজার ৯৯ টাকা।
১. অ্যাপল আইফোন ৬এস
অ্যাপলের আইফোন ৬এস হচ্ছে, বিশ্বের সবচেয়ে উন্নত স্মার্টফোন। আইফোন ব্যবহারকারীদের সুবিধা হচ্ছে, অ্যাপ ডেভেলপাররা বরবরই সেরা অ্যাপটি সবার আগে আইফোন ব্যবহারকারীদের জন্যই তৈরি করে থাকে। আর অ্যাপলের সবার চেয়ে নতুন ও সেরা প্রযুক্তি নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। এ কারণেই বিশ্বব্যাপী আইফোনের এতো চাহিদা। ৪.৭ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। রয়েছে ২ জিবি র্যাম। ব্যাটারি ১৭১৫ মিলিঅ্যাম্পিয়ারের। অপারেটিং সিস্টেম আইওএস ৯। আইফোন ৬এস-এর দাম ১৬ জিবি ৭১ হাজার ৪৯৯ টাকা। ৬৪ জিবি ৮১ হাজার ৯৯৯ টাকা।
রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment