দেশ বিদেশের যত বইমেলা
কাজী আশরাফ : রাইজিংবিডি ডট কম
Published:10 Feb 2016 07:29:01 PM Wednesday
কলকাতায় আয়োজিত কলিকাতা পুস্তকমেলা বিশ্বের সবচেয়ে বড় বাংলা বইয়ের মেলা। ১৯৭৬ সালে শুরু হওয়া এই মেলা ১৯৮৪ সালে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে। এই মেলাকে ‘বাঙালির চতুর্দশ পার্বণ’ বলে অভিহিত করা হয়। ২০০৫ সাল থেকে এই মেলায় অংশগ্রহণকারী একটি বিদেশি রাষ্ট্রকে ফোকাল থিম এবং অন্য একটি রাষ্ট্রকে সন্মানিত অতিথি রাষ্ট্র নির্বাচিত করা হচ্ছে।
বই কোনো নির্দিষ্ট দেশ বা ভাষার নয় এই বিশ্বাস থেকেই জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট বইমেলার আয়োজন করা হয়। এটি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। পাঁচ দিনের এই মেলায় ২০১২ সাল থেকে ছাপার অক্ষরে মলাটে বাঁধা বইয়ের পাশাপাশি ই-বুক, বিভিন্ন কোম্পানির বুকরিডারসহ নানা ধরনের অ্যাপ্লিকেশনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হচ্ছে।
ফ্রাঙ্কফুর্টের পরই উচ্চারিত হয় লন্ডন বুক ফেয়ারের নাম। পাঠক মেলায় এসে বই কিনবেন এমন ধারণা থেকে এই মেলা অনুষ্ঠিত হয় না। বিশ্বের দেড় শতাধিক দেশের ২০ হাজারেরও বেশি প্রকাশক, গ্রন্থ’বিক্রেতা, লিটারারি এজেন্ট, গ্রন্থাগারিক, গণমাধ্যম ও শিল্প সরবরাহকারী এই মেলায় অংশ নেন। প্রকাশকরা এ মেলায় এসে প্রকাশিতব্য বইয়ের প্রচার করেন এবং অন্যান্য প্রকাশনী থেকে বইয়ের পরিবেশনা ও অনুবাদ-স্বত্ব কেনেন।
কায়রো আন্তর্জাতিক বইমেলা শুধু আরবি ভাষা নয়, ইসলামি সাহিত্যের সবচেয়ে বড় বইমেলা। প্রায় এক হাজার আরবি ভাষার প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়। ১৯৬৯ সাল থেকে মিসরের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এই মেলার আকর্ষণীয় দিক হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ। মেলাচত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাবিষয়ক স্টল থাকে। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে মিয়ামি, ম্যানিলা, দুবাই আন্তর্জাতিক বইমেলা উল্লেখযোগ্য।
রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/তারা
No comments:
Post a Comment