এবার একুশে পদক পাচ্ছেন ১৬ বিশিষ্ট ব্যক্তি
হাসান : রাইজিংবিডি ডট কম
Published:10 Feb 2016 01:56:09 PM Wednesday || Updated:10 Feb 2016 05:28:27 PM Wednesday
বুধবার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এ পদক তুলে দেবেন।
এ বছর যারা একুশে পদক পাচ্ছেন তারা হলেন- ভাষা আন্দোলনে অবদানের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, ড. জসীম উদ্দিন আহমেদ ও সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর)।
শিল্পকলা বিভাগে জাহানারা আহমেদ (টিভি ও চলচ্চিত্রে অভিনয়), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (শাস্ত্রীয় সংগীত), শাহীন সামাদ (সংগীত), আমানুল হক (নৃত্য) এবং চিত্রকলায় কাজী আনোয়ার হোসেনকে (মরণোত্তর) এ পদক দেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান।
গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ ও মংছেন চীং মংছিন।
ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ ও হাবীবুল্লাহ সিরাজী।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়।
নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। তবে এবার অর্থের পরিমাণ দ্বিগুণ করে দুই লাখ টাকা করা হয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৬/হাসান/সাইফুল/এএন/রহমান
No comments:
Post a Comment