Monday, 5 March 2018

10 years oscar award

গত ১০ বছরে যাদের হাতে উঠেছে অস্কার

মারুফ খান : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-০৪ ৬:০১:৫৪ পিএম     ||     আপডেট: ২০১৮-০৩-০৫ ৮:২৯:৪৬ এএম
২০১৭, ২০১৬, ২০১৪ এবং ২০১৫ সালের বিজয়ী অভিনয়শিল্পীরা (ঘড়ির কাঁটার দিকে)
বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অনুষ্ঠানের এবারের আসর। ৯০তম আসরে কার কার হাতে উঠবে সেরার পুরস্কার? ইতোমধ্যে এটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

এবারের আসরে সেরা অভিনেতার মনোনয়ন জিতেছেন-টিমোথি শালামে (কল মি বাই ইয়োর নেম), ড্যানিয়েল ডে লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট), গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), ডেনজেল ওয়াশিংটন (রোমান জে. ইসরায়েল এস্ক.)। সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ফ্যান্সিস ম্যাকডোরম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), মার্গোট রোবি (আই, টোনিয়া), সাইরোস রোনান (লেডি বার্ড), মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)।

অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়নের তালিকায় রয়েছে উইলেম ড্যাফো (দ্য ফ্লোরিডা প্রজেক্ট), উডি হ্যার্লসন (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি), রিচার্ড জেনকিন্স (দ্য শেপ অব ওয়াটার), ক্রিস্টোফার প্লামার (অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড), স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)-এর নাম। এ ছাড়া সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন জিতেছেন -মেরি জে. ব্লিগ (মাডবাউন্ড), অ্যালিসন জেনি (আই, টোনিয়া), লেসলে ম্যানভিল (ফ্যান্টম থ্রেড), লৌরি মেটক্যাফ (লেডি বার্ড), অক্টাভিয়া স্পেনসার (দ্য শেপ অব ওয়াটার)। এদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন এবারের সেরা অভিনয়শিল্পী।

বিগত ১০ বছর অস্কার আসরে যে অভিনয়শিল্পীদের হাতে এ পুরস্কার উঠেছে তাদের নিয়ে সাজানো এই প্রতিবেদন।

২০১৭ : ক্যাসে অ্যাফ্লেক (সেরা অভিনেতা, ম্যানচেস্টার বাই দ্য), এমা স্টোন (সেরা অভিনেত্রী, লা লা ল্যান্ড), সি), মাহেরশালা আলী (সেরা পার্শ্ব অভিনেতা, মুনলাইট),  ভায়োলা ডেভিস (সেরা পার্শ্ব অভিনেত্রী, ফেন্সেস)।

২০১৬ : লিওনার্দো ডিক্যাপ্রিও (সেরা অভিনেতা, দ্য রেভেন্যান্ট), ব্রি লারসন (সেরা অভিনেত্রী, রুম), মার্ক রাইল্যান্স (সেরা পার্শ্ব অভিনেতা, ব্রিজ অব স্পাইস), অ্যালিসিয়া ভিকান্দার (সেরা অভিনেত্রী, দ্য ড্যানিস গার্ল)।

২০১৫ : এডি রেডমেইন (সেরা অভিনেতা, দ্য থিওরি অব এভরিথিংস), জুলিয়ান মুর (সেরা অভিনেত্রী, স্টিল অ্যালিস), জে. কে সিমন্স (সেরা পার্শ্ব অভিনেতা, হুইপল্যাশ), প্যাট্রিসিয়া আর্কুয়েট (সেরা পার্শ্ব অভিনেত্রী, বয়হুড)।

২০১৪ : ম্যাথিউ ম্যাকনে (সেরা অভিনেতা, ডালাস বায়ার্স ক্লাব), কেট ব্লানচেট (সেরা অভিনেত্রী, ব্লু জেসমিন), লুপিটা নিওঙ্গ (সেরা পার্শ্ব অভিনেত্রী, টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ), জেরার্ড লেটো (সেরা পার্শ্ব অভিনেতা, ডালাস বায়ার্স ক্লাব)

২০১৩ : ড্যানিয়েল ডে লুইস (সেরা অভিনেতা, লিংকন), জেনিফার লরেন্স (সেরা অভিনেত্রী, সিলভার লাইনিং প্লেবুক), অ্যান হ্যাথওয়ে (সেরা পার্শ্ব অভিনেত্রী, লা মিজারেবলস), ক্রিস্টোফ ওয়াল্টজ (সেরা পার্শ্ব অভিনেতা, জ্যাঙ্গো আনচেইন্ড)।

২০১২ : জেন ডুজার্ডিন (সেরা অভিনেতা, দ্য আর্টিস্ট), মেরিল স্ট্রিপ(সেরা অভিনেত্রী, দ্য আইরন লেডি), ক্রিস্টোফার প্লামার (সেরা পার্শ্ব অভিনেতা, বিগিনার্স), অক্টাভিয়া স্পেনসার (সেরা পার্শ্ব অভিনেত্রী, দ্য হেল্প)।

২০১১ : কলিন ফার্থ (সেরা অভিনেতা, দ্য কিংস স্পিচ), নাটালি পোর্টম্যান (সেরা অভিনেত্রী, ব্ল্যাক সোয়ান), ক্রিশ্চিয়ান বেল (সেরা পার্শ্ব অভিনেতা, দ্য ফাইটার), মেলিসা লিও (সেরা পার্শ্ব অভিনেত্রী, দ্য ফাইটার)।

২০১০ : জেফ ব্রিজস (সেরা অভিনেতা, ক্রেজি হার্ট), ক্রিস্টোফ ওয়াল্টজ (সেরা পার্শ্ব অভিনেতা, ইনগ্লোরিয়ার্স বাস্টার্ড), সান্দ্রা বুলক (সেরা অভিনেত্রী, দ্য ব্লাইন্ড সাইড), মো’নিক (সেরা পার্শ্ব অভিনেত্রী, প্রেসিয়াস)।

২০০৯ : সেন পেন (সেরা অভিনেতা, মিল্ক), কেট উইন্সলেট (সেরা অভিনেত্রী, দ্য রিডার), পেনেলোপে ক্রুজ (সেরা পার্শ্ব অভিনেত্রী, ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা), হেথ লেজার (সেরা পার্শ্ব অভিনেতা, দ্য ডার্ক নাইট)।

২০০৮ : ড্যানিয়েল ডে লুইস (সেরা অভিনেতা, দেয়ার উইল বি ব্লাড), ম্যারিয়ন কটিলার্ড (সেরা অভিনেত্রী, লা ভিয়ে এন রোজ), হাভিয়ার বার্ডেম (সেরা পার্শ্ব অভিনেতা, নো কান্ট্রি ফর ওল্ডম্যান), টিলডা সুইন্টন (সেরা পার্শ্ব অভিনেত্রী, মাইকেল ক্লেটন)।




রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৮/মারুফ/শান্ত

Folk Culture info

লোকসংস্কৃতির ধারাবাহিক চর্চা সময়ের দাবি

আনোয়ার হক : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০২-২৪ ৪:৩২:৫৮ পিএম     ||     আপডেট: ২০১৮-০২-২৪ ৪:৫৬:৪৩ পিএম
আনোয়ার হক: সবুজ-শ্যামল প্রত্যন্ত গ্রাম-বাংলার আনাচে-কানাচে অনেকটা অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে লোকসংস্কৃতির অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমাদের আত্মপরিচয়ের মূলে রয়েছে লোকজ সংস্কৃতি তথা ঐতিহ্যের বিভিন্ন উপাদান। নিজস্বতায় ভরা এসব উপাদানই আমাদের শেকড়, আমাদের এগিয়ে চলার মূল প্রেরণা।

বাঙালির ঐতিহ্যবাহী জীবনঘনিষ্ট নানা উপাদান নিয়ে ধারাবাহিক কাজ করার অভিপ্রায়ে মূলধারার সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই মূলত কাজ শুরু করি আমরা। সময়ের চাহিদায় এক পর্যায়ে গড়ে ওঠে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ‘দিয়াড়’। হাঁটি হাঁটি পা পা করে সাংগঠনিক ভিত্তি মজবুতের জন্য চলছে সাংগঠনিক নানা কার্যক্রম। প্রতিষ্ঠার প্রথম ও দ্বিতীয় বছরে বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণসহ বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজন করা হয় সাহিত্য-সংস্কৃতির আড্ডা, আনন্দ আয়োজন, গবেষণা, প্রকাশনা, সভা-সেমিনার। একই সঙ্গে চলছে মূলধারার সংস্কৃতি নিয়ে কাজ করছে এমন সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক-আলোচনা। লোকজসংস্কৃতির অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ গম্ভীরা, আলকাপ, কাহানি, বিয়ের গীত, ঝার্ণিখেলা, লাঠিখেলাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে জড়িতদের সংগঠিত করতে চলছে ধারাবাহিক কার্যক্রম।

আমাদের মূলভিত্তি লোকসংস্কৃতির বিকাশ, সুরক্ষা, উৎসব আয়োজনের মাধ্যমে প্রচার-প্রসার এবং সুস্থধারার সংস্কৃতিসমৃদ্ধ আগামী গড়তে কাজ করছে ‘দিয়াড়’। মাটি-মানুষের সঙ্গে চমৎকার সম্মিলন ঘটিয়ে গ্রামবাংলার স্বকীয়তা ধরে রেখে নিজস্ব সংস্কৃতির ধারা বিকাশে কাজ করে যাচ্ছেন দিয়াড় কর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠার এক বছরের মাথায় আয়োজন করা হয় প্রথম জাতীয় গম্ভীরা উৎসব। সময়ের পরিক্রমায় চলতি বছরের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় গম্ভীরা উৎসবের আয়োজন। আগামী বছর থেকে আরও বড় পরিসরে আয়োজন করা হবে আলকাপ-গম্ভীরা-বিয়ের গীত-ঝার্ণিখেলাসহ লোক সংস্কৃতির  আকর্ষণীয় উপাদান নিয়ে দিয়াড় লোক উৎসব।

বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম ঐতিহ্যবাহী একটি ধারা গম্ভীরা। মূলত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও ভারতের বাংলার মালদা অঞ্চলে গম্ভীরার উৎস এবং প্রসার। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি সব এলাকা, সব বয়সী মানুষের খুবই জনপ্রিয়। শিব > গম্ভীর > গম্ভীরা। পরবর্তী সময়ে গম্ভীরা গানের ধরন যায় বদলে। বর্ণনামূলক এ গানের সুরে একসময় দেবদেবীকে সম্বোধন করে বলা হতো গ্রামীণ দারিদ্রক্লিষ্ট মানুষের সুখ-দুঃখ। কখনও সারা বছরের প্রধান ঘটনা এ গানের মাধ্যমে আলোচিত হতো। পালা-গম্ভীরায় অভিনয়ের মাধ্যমে এক একটা সমস্যা তুলে ধরা হতো। চৈত্র-সংক্রান্তিতে বছরের সালতামামি উপলক্ষে পালা-গম্ভীরা পরিবেশন করা হতো।

বর্তমানে ‘গম্ভীরা’ বলতে বিশেষ একটি অঞ্চলের লোকসঙ্গীতকেই বোঝায়। ভারতের মালদা থেকে গম্ভীরা গান তৎকালীন বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে দারুণভাবে প্রচলন হয়। এক পর্যায়ে স্বাভাবিকভাবে গানের আঙ্গিক ও বিষয়বস্তুতেও পরিবর্তন আসে। ক্রমে লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ এ অনুষঙ্গ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোরসহ উত্তরবঙ্গ তথা সারাদেশেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।

পূর্বে গম্ভীরা গানের আসরে শিবের অস্তিত্ব কল্পনা করা হতো। বর্তমানে গম্ভীরা গানের আসরে শিবের পরিবর্তে ‘নানা-নাতি’র ভূমিকায় দুজন অভিনয় করেন। নানার মুখে পাকা দাড়ি, মাথায় মাথাল,পরনে লুঙ্গি, হাতে লাঠি। আর নাতির পোশাক ছেঁড়া গেঞ্জি, কোমরে গামছা ইত্যাদি। একেবারে তৃণমূল পর্যায়ের গ্রামের ছবি। ‘নানা-নাতি’র সংলাপ ও গানের মধ্য দিয়ে দ্বৈতভাবে গম্ভীরা গান পরিবেশিত হয়। এক সময় গম্ভীরা গান একতাল, ত্রিতাল, দাদরা, খেমটা, কাহারবা প্রভৃতি সুরে গাওয়া হতো। বর্তমানে সুরের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া লোকনাট্যের বহু বিষয়, চরিত্র ও সংলাপও গম্ভীরায় সংযুক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শেখ সফিউর রহমান (সুফী মাষ্টার), সোলায়মান মোক্তার, কুতুবুল আলম, রকিবউদ্দীন, বীরেন ঘোষ, মাহবুবুল আলম, ফাইজুর রহমান মানী প্রমুখ গম্ভীরা গানের বিশিষ্ট শিল্পী। তাঁরা নতুন নতুন সুর সৃষ্টির মাধ্যমে পর্যায়ক্রমে গম্ভীরাকে সারা বাংলাদেশে জনপ্রিয় করে তোলেন। এর বাইরেও শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জেই নিয়মিত দল রয়েছে প্রায় ২০টি। গম্ভীরা নিয়ে নিয়মিত কাজ করছে তারা। তবে গম্ভীরা পরিবেশন শুধু নয়, এর বিকাশ তথা সার্বিক উৎকর্ষ সাধনের মহৎ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ শুরু করে ‘দিয়াড়’। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গম্ভীরাকে ছড়িয়ে দিতে আমাদের পরিকল্পিত প্রয়াস অব্যাহত থাকবে।

সুন্দর আগামী গড়ার দৃপ্ত শপথে বলীয়ান দিয়াড় কর্মীরা মূলধারার সংস্কৃতি সুরক্ষায় রাখবেন অগ্রণী ভূমিকা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বাংলাদেশ গড়তে অব্যাহত থাকবে সাংস্কৃতিক আন্দোলন। পেছাবে না বাংলাদেশ। অপশক্তি-কুপমণ্ডুকতার বিরুদ্ধে আমরা গড়বো ইস্পাতকঠিন সাংস্কৃতিক ঐক্য। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাই। মাটি-মানুষের সংস্কৃতিকে বাঁচাই। শেকড়ের সন্ধানে থাকুক সমন্বিত প্রচেষ্টা। জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’ সময়ের সঙ্গে দেশ-জাতি-লোকসংস্কৃতি-প্রজন্মকে এগিয়ে নিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে। সমন্বিত কর্ম প্রয়াসে আমাদের লোকসংস্কৃতি তথা ভিত্তিমূল আরও মজবুত হবে নিশ্চয়ই।

লেখক: সদস্যসচিব, দিয়াড়




রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/তারা 

Travel info china

রেশমপথের শহর উরুমছিতে || শান্তা মারিয়া

শান্তা মারিয়া : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০২-১০ ৮:২২:৫৬ এএম     ||     আপডেট: ২০১৮-০২-১০ ১২:১৭:৫৪ পিএম
চীন আমার অতি প্রিয় এক দেশ। সত্যি কথা বলতে গেলে চীনে আমি যতটা সাচ্ছন্দ্য বোধ করি সেটা আর কোন দেশে হয় না। চৈনিক ভূমিতে পা দেওয়া মাত্র বিশেষ এক ভালোলাগায় আচ্ছন্ন হই। তাই সুযোগ পেলেই চীন ভ্রমণে যাওয়ার চেষ্টা করি। ২০১৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে ১১ দিনের একটি কর্মসূচিতে আবার চীনে যাওয়ার সুযোগ হলো। চীন সরকার তাদের মিডিয়া ট্যুর কর্মসূচির আওতায় বাংলাদেশের ১২জন সাংবাদিককে চীন সফরে নিয়ে যান। সেই সফরে যাবার সুযোগ পেলাম প্রিয় মহাপ্রাচীরের দেশে। এই সফরে আমরা চারটি প্রদেশের পাঁচটি শহরে ভ্রমণ করি। এই শহরগুলোর মধ্যে উরুমছিতে তিনদিন ছিলাম।

শিনচিয়াং হলো চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। বিশাল একটি অঞ্চল। ১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা।এই অঞ্চলের রাজধানী উরুমছি। প্রাচীনকালে রেশমপথ ছিল বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যপথ। সাত হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই পথে  সুপ্রাচীনকাল থেকে চলছে বাণিজ্য। এর নামই সিল্ক রোড বা রেশমপথ। প্রাচীনকালে চীন, ভারত, পারস্য, খরেজম, আরবভূমি, অটোমান সাম্রাজ্য, মিশর, রাশিয়া, গ্রিস ও রোমকে যুক্ত করেছিল এই পথ। বলা যায় প্রাচ্য ও পাশ্চাত্যের প্রধান বাণিজ্য পথ ছিল এই সিল্করোড। শুধু বাণিজ্যই নয়, পূর্ব ও পশ্চিম সভ্যতার যোগসূত্র স্থাপন করেছিল এটি। বিশ্বের বড় বড় বিজেতারা এই পথ ধরে চালনা করেছেন তাদের সৈন্যদল। অবশ্যাম্ভাবীভাবে লুট, ধ্বংস, দখলেরও সাক্ষী এই পথ। এই পথ ধরে বাহিনী পরিচালনা করেছেন সম্রাট আলেকজান্ডার, চেঙ্গিস খান, তৈমুর লং, বাবরশাহ। কখনও পূর্বে, কখনও পশ্চিমে চলেছে বিজয়ীর বাহিনী। এই পথের শহরগুলোর মধ্যে রোম, অ্যাথেন্স, কিয়েভ,  পার্সেপোলিস, আলেকজান্দ্রিয়া, কায়রো, সমরখন্দ, বুখারা, গুরগঞ্জ, উরুমছি, বেইজিং, কিয়েতো, হিরাত, কাবুল, দিল্লি এমন বহু বিখ্যাত শহরের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে।
 

রেশমপথের পূর্ব প্রান্তে চীনের সিআন শহর। চীনের সান সি, কান সু, নিং সিয়া, ছিং হাই, শিনচিয়াং প্রদেশ হয়ে পামীর মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া, আফগানিস্তান, ইরান, ইরাক ,সিরিয়া হয়ে ভূমধ্যসাগরের পূর্বতীরে বলকান পর্যন্ত পৌঁছেছিল এই পথ। ভারতও যুক্ত ছিল এই পথের সঙ্গে। এমনকি শেরশাহর গ্র্যান্ড ট্রাংক রোডের মাধ্যমে বাংলার সোনারগাও পর্যন্ত এই পথের বিস্তার ছিল বলে ধরা যায়।  চীনের হান রাজবংশের শাসনামলে (২০৭-২২০ খ্রিস্টপূর্ব) এই পথ দিয়ে বাণিজ্য শুরু হয়। এই বাণিজ্যপথের উপর ডাকাতদল, যাযাবর জাতির মানুষ ঝাঁপিয়ে পড়তো। নাম রেশমপথ হলেও এই পথ দিয়ে সকল ধরনের পণ্যসামগ্রী বয়ে নিতেন সওদাগররা। এমনকি বাংলার মসলিন ও অন্যান্য সূতিবস্ত্রও পৌঁছে যেত রোমে।

সুপ্রাচীন সেই রেশমপথকে নতুনভাবে জাগিয়ে তুলতে চলতি শতাব্দিতে উদ্যোগী হয়েছে চীন। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল ও একুশ শতকের রেশমপথ চীনের প্রস্তাবনা। ‘এক পথ এক অঞ্চল’ নামে রেশমপথ অঞ্চলের দেশগুলোর সঙ্গে মৈত্রী গড়তে চাইছে চীন। ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’- এক পথ এক অঞ্চল বিষয়ক বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি চীনের সদ্য সমাপ্ত উনিশতম জাতীয় কংগ্রেসে ব্যাপক গুরুত্ব পেয়েছে। বলা যায় চীনের বর্তমান প্রেসিডেন্ট এবং চীনা কমিউনিস্ট পার্টির সভাপতি সি চিন পিং এই ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। এই অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতিতে চীনের প্রভাব অনেক বৃদ্ধি পাবে বলাবাহুল্য। রেশমপথ অঞ্চলের একটি বড় অংশ জুড়ে আছে চীনের শিনচিয়াং প্রদেশ। এখানে বাস করেন ১ কোটিরও বেশি মুসলিম। চীনে যে ২.৩ কোটি মুসলিম রয়েছেন তাদের প্রায় অর্ধেকই বাস করেন এই প্রদেশে। এটি স্বায়ত্তশাসিত প্রদেশ। এই প্রদেশের রাজধানী উরুমছি। প্রাচীনকাল থেকেই যার বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। এখানে বাস করে উইগুর, উইরাত, তাজিক, কাজাখ, তুর্কমেন, হুই, মঙ্গল, কিরঘিজ, আফগান, মঙ্গোল, কিপচাক, কারাকিতাই, জাগতাইসহ মধ্য এশিয়ার বিভিন্ন জাতির মানুষ। এর মধ্যে দশটি জাতির মানুষ মুসলিম। আর চীনের সংখ্যাগরিষ্ঠ হান জাতির মানুষ তো আছেই। তারা এখানে সংখ্যাগরিষ্ঠ।  অঞ্চলটির রাজনৈতিক গুরুত্বও ব্যাপক। চীনের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত শিনচিয়াং । সীমান্তে রয়েছে ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী প্রতিবেশী। এখানে রুশ প্রভাবও অনেক বেশি। প্রচুর রুশ বাস করেন এখানে। রয়েছে বেলারুশ জাতির অনেক মানুষ। প্রতিবেশী দেশ হিসেবে আরও আছে মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, পাকিস্তান ও আফগাস্তিান। তেল, খনিজ সম্পদ ও মূল্যবান রত্ন সম্পদেও এই প্রদেশ সমৃদ্ধ। প্রেসিডেন্ট সি চিন পিং ২০১৪ সালে সিনচিয়াং পরিদর্শনে গিয়ে উরুমছির মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। উরুমছির বৃহত্তম মসজিদে যান তিনি। আলাপ করেন প্রধান ইমাম মুখতারাম শরীফের সঙ্গে। রাষ্ট্রীয় খরচে মসজিদ কমপ্লেক্সের উন্নয়নে ভালো রকম অর্থ ব্যয় করেন।  ১৯তম জাতীয় কংগ্রেসে উরুমছির উইগুররা তাই সি চিন পিংয়ের সাফল্য কামনা করেন। অন্তত এমনটিই জানান মুখতারাম শরীফ।
 

এই সফরে গিয়ে শিনচিয়াংয়ের মানুষজনের সঙ্গে যেমন আলাপ হলো, তেমনি এই এলাকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যেও মুগ্ধ হলাম। এখানে গ্র্যান্ড বাজার বা মসজিদ বাজার নামে একটি বড় জায়গা রয়েছে। সেখানে মসজিদের বিশাল মিনারের স্থাপত্যশৈলী অনবদ্য। এখানে শপিং করারও সুযোগ পেলাম। বিরাট শপিং কমপ্লেক্স। মধ্য এশিয়ার ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে স্যুভেনির আর খাবারের ছড়াছড়ি। নিজের দোকানে বেচাকেনার ফাঁকে ফাঁকে হাসিমুখে গল্প করছিলেন মারহাবা। তিনি নিজেই এই দোকানের বিক্রেতা এবং মালিক। দক্ষহাতে হিসাবপত্র সামলাচ্ছেন, ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করছেন, সেইসঙ্গে ছোট্ট সন্তানটিকেও দেখাশোনা করছেন। অবশ্য একাজে তাকে সহায়তা করছেন তার স্বামী আক্রাম। মারহাবা হলেন চীনের উরুমছি শহরের একজন নারী। উরুমছি শহরে বিভিন্ন জাতির মুসলিম নারীরা স্বাধীনভাবে বেছে নিচ্ছেন বিভিন্ন পেশা। ব্যবসা-বাণিজ্য করছেন অনেকেই। রেস্টুরেন্ট, পোশাকের দোকানসহ বিভিন্ন রকম ব্যবসা পরিচালনা করছেন তারা। চীনের অন্যান্য শহরের মতো এখানেও নারীদের ব্যস্ত পদচারণা চোখে পড়ে। রাস্তাঘাটে বড় বড় গাড়ি সাবলীলভাবে চালাচ্ছেন নারীরা। যে প্রতিষ্ঠানেই যাই না কেন, চোখে পড়ছে নারীর স্বতঃস্ফূর্ত ও সম অংশগ্রহণ। শুধু সম অংশগ্রহণ নয় বরং বলা যায় নারীরা যেন পুরুষের চেয়েও বেশি কর্মদক্ষ। এই প্রদেশের বিখ্যাত প্রতিষ্ঠান শিনচিয়াং বিশ্ববিদ্যালয়। এখানে প্রশাসনিক প্রধান থেকে শুরু করে বিভিন্ন বিভাগেও প্রধানের দায়িত্ব পালন করছেন নারী।
 

একটি মাধ্যমিক স্কুল পরিদর্শনে গিয়ে দেখলাম ছেলে শিক্ষার্থীর সঙ্গে পাল্লা দিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন শিক্ষাকার্যক্রমে মেয়েরা এগিয়ে যাচ্ছে। এই স্কুলের বিজ্ঞান ক্লাবে শিক্ষার্থীরা বানাচ্ছে ছোট ছোট রোবট। বিজ্ঞান ক্লাবেও ছেলেমেয়ের সংখ্যা সমান সমান। তারা বানাচ্ছে ছোট ড্রোন ঘুড়ি, চালাচ্ছে বিজ্ঞানের নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। আবার নাচ, গান, বাজনাতেও পিছিয়ে নেই তারা।

উরুমছির শিল্পকলা প্রতিষ্ঠানে গিয়েও মুগ্ধ হলাম নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে। এখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বাদ্যদলের সদস্যদের সঙ্গে আলাপ হলো। এই বাদ্যদলের প্রধান পরিচালক আখমদ পরিচয় করিয়ে দিলেন তার স্ত্রীর সঙ্গে। তিনিও এই বাদ্যদলের সদস্যা এবং বেশ খ্যাতিসম্পন্ন।
 

ব্যালে নৃত্যদলেও রয়েছেন অনেক নারী। তারা দারুণ কৃতিত্বের সঙ্গে তাদের নৃত্যকুশলতা দেখালেন।
উরুমছির কাছাকাছি অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে। রয়েছে তিয়েনশান পর্বতের অনন্য সৌন্দর্যমণ্ডিত সব জায়গায় ভ্রমণের সুযোগ। পর্যটকদের জন্য রয়েছে ঘোড়ায় চড়া, উটের পিঠে চড়ার নানা রকম আয়োজন। সেসব গল্প না হয় আরেকদিন হবে।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/তারা

book fair 1-28 feb

ভাষার মাস ও বইমেলা যেন এক মাসের বাঙালিয়ানা || আহমদ রফিক

আহমদ রফিক : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০২-২৭ ৮:০৫:৫৮ এএম     ||     আপডেট: ২০১৮-০৩-০৪ ১:৪৩:২৭ পিএম
পাকিস্তানি পূর্ববঙ্গে অন্যতম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় ছাত্রসমাজ রাস্তায় নামে। শুরু হয় ভাষা আন্দোলন। সূচনা যদিও ১৯৪৭-এর নভেম্বর থেকে, কিন্তু এর নিয়মতান্ত্রিক সংগঠিত রূপ প্রকাশ পায় ১৯৪৮-এর মার্চ থেকে। এরপর ১৯৫০-এ কেন্দ্রীয় মূলনীতি কমিটির উর্দু রাষ্ট্রভাষা সুপারিশের বিরুদ্ধে ছাত্র ও রাজনৈতিক মহল বিশেষ করে শহর ঢাকায় ব্যাপক আন্দোলন গড়ে তোলে। স্থগিত করা হয় মূলনীতি কমিটির অন্যান্য অগণতান্ত্রিক সুপারিশ।

তবু মুসলিম লীগ শাসক শ্রেণী উর্দু রাষ্ট্রভাষার পক্ষে প্রচারণা চালাতে থাকে। এমনকি চলে আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্র। এসবের পরিণাম ১৯৫২-এর ফেব্রুয়ারিতে শুরু হয় ঢাকায় ছাত্রদের তরফ থেকে ভাষার লড়াই। একুশে ফেব্রুয়ারিতে এর বিস্ফোরক পরিণতি। পুলিশের গুলিতে জনাকয়েক ছাত্র-অছাত্র শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে এ আন্দোলন সারাদেশের শিক্ষায়তনে ছড়িয়ে যায়। সমাজের বিভিন্ন শ্রেণীতে প্রতিবাদী চেতনার বিস্তার ঘটে।

একুশের গুরুত্বপূর্ণ স্লোগান ছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘রাজবন্দীদের মুক্তি চাই’, ‘সর্বস্তরে বাংলা চালু করো’ এবং ‘শহীদস্মৃতি অমর হোক’। একুশের উত্তর প্রভাব এবং অনুষঙ্গ হলো সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে গুণগত ইতিবাচক পরিবর্তন মূলত জাতীয়তাবাদী প্রগতিশীলতার ধারায়। এর দুটো গুরুত্বপূর্ণ অনুষঙ্গ একুশে ফেব্রুয়ারির শহীদ দিবস এবং শহীদ মিনার। শহীদ দিবস একাধারে প্রতিবাদী দিবস, শোক দিবস ও ভাষা দিবস। ফেব্রুয়ারি মাস হয়ে ওঠে ভাষার মাস যা নানাবিধ আনুষ্ঠানিকতায় পালিত হতে থাকে। যেমন বাংলা একডেমি প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠান, বইমেলা ইত্যাদি। দেশে এ উপলক্ষে চলে একুশে উদযাপনের কর্মসূচি, যেমন আলোচনা সভা, আবৃত্তি, গান ইত্যাদি। ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত বইমেলা এখন জাতীয় অনুষ্ঠানে পরিণত। এতে রয়েছে লেখক, প্রকাশক, পাঠকের গভীরসংশ্লিষ্টতা। যত বছর বাড়ছে লেখক, প্রকাশক, পাঠক ক্রেতার সংখ্যা বাড়ছে। স্থান সংকুলান হচ্ছে না বাংলা একাডেমি প্রাঙ্গণে। বছর কয়েক ধরে মেলা প্রাঙ্গণ সম্প্রসারিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। কিন্তু সেখানে স্টলগুলোর স্থান নির্ধারণ সমতাভিত্তিক সুবিন্যাস্তভাবে হচ্ছে না। তাই পেছন দিকের বিক্রেতারা মার খাচ্ছে। পাঠক ক্রেতারা ওই দূর অবস্থানে যথেষ্ট সংখ্যায় যায় না।

এ অভিযোগ স্বল্পসংখ্যায় হলেও ছোট ও মাঝারি প্রকাশকের। আমার মনে হয় এ অভিযোগ মেলা কর্তৃপক্ষের খতিয়ে দেখা ও ব্যবস্থা নেওয়া দরকার। স্থান বিন্যাসের যুক্তিসঙ্গত পরিবর্তন ঘটানো দরকার। অন্যথায় বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশস্ত চৌকোণা খেলার মাঠে বইমেলা স্থানান্তর করা দরকার। সেক্ষেত্রে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকাশকদের ত্রয়ী সংস্থা সম্মিলিতভাবে মেলার আয়োজন করতে পারে। খেলার মাঠটি আকার আকৃতির দিক থেকে মেলার জন্য উপযুক্ত স্থান।

ফেব্রুয়ারি মাসব্যাপী অনুষ্ঠিত বইমেলা জাতীয় উৎসবে পরিণত হয়েছে, এর গুরুত্বও বেড়েছে। মূলত লেখক-প্রকাশকদের লক্ষ্য বইমেলা। আমাদের অভ্যাসগত কারণে প্রধানত লেখকদের দিক থেকে থাকে শেষ দুই-তিন মাসের তাড়াহুড়া। এর প্রভাব কি পড়ে না লেখার মান অর্জনের ক্ষেত্রে, তেমনি প্রকাশকদের মূদ্রণ-পারিপাট্যে? আমার বিশ্বাস পড়ে। এটা আকাঙ্ক্ষিত নয়, অন্তত সাহিত্য সৃষ্টিকর্মের উৎকর্ষে বিবেচনায় প্রকাশকদের বক্তব্য, তারা সারাবছর ধরে বই প্রকাশ করেন। কথাটা পুরোপুরি ঠিক নয়। কারণ, মেলা বহির্ভুত সময়ে বইয়ের লেখা যেমন কম, প্রকাশনাও তেমনি। এটা বইমেলার নেতিবাচক দিক। কিন্তু এর দায় বইমেলার নয়, অন্তত পুরোপুরি নয়; দায় লেখক তথা সাহিত্যকর্মীদের।

এ বইমেলা শুরু হওয়ার আগে লেখকগণ বছরজুড়ে তাদের সাহিত্যসৃষ্টির কর্মে ব্যস্ত থাকতেন, এখন অনেকেই বইমেলা সামনে রেখে লেখার কাজে ব্যস্ত হয়ে ওঠেন। তেমনি অধিকাংশ প্রকাশক। এ অভ্যাসের পরিবর্তন ঘটানো দরকার। প্রসঙ্গত একটি বিষয় লক্ষ্য করার মতো যে, বইমেলা উপলক্ষে বই লেখা ও প্রকাশ সংখ্যাগত দিক থেকে অনেক বেড়েছে, সে তুলনায় লেখার মানগত উৎকর্ষের উন্নতি ততটা নয়। যেন তড়িঘড়ি করে ক্যানভাসে তুলির শেষ টানে স্বস্তির নিঃশ্বাস ফেলা। হয়তো এটা সবার ক্ষেত্রে সত্য নয়, তবে অনেকের ক্ষেত্রে সম্ভবত সত্য। পরিমাণ বা সংখ্যা এবং গুণগত মান এ দুইয়ের সামঞ্জস্য বিধান খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

দুই
একই সূত্রে লক্ষনীয় ভাষার মাস ফেব্রুয়ারি ঘিরে গভীর ও আবেগের প্রকাশ সত্ত্বেও সাধারণভাবে মাতৃভাষা তথা বাংলাভাষার ব্যবহারিক দিকে গভীর চর্চার ক্ষেত্রটি ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সেখানে শিক্ষায়তনে ইংরেজি মাধ্যমের ব্যাপক দুর্মূল্য দাপট। এই দাপট যেমন শিক্ষাদান ও শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তেমনি জীবিকার ক্ষেত্রেও। করুণমুখ বাংলাভাষা সেখানে অসহায়ের মতো দাঁড়িয়ে। তাই বাংলার ভাষিক অনুশীলন দ্রুত কমতে শুরু করেছে, সেখানে শ্রম, সময় ও আন্তরিকতার অভাবও দেখা যাচ্ছে। স্বভাবতই অবহেলার পরিণামে বাংলার শুদ্ধচর্চা, নির্ভুল বলা ও লেখার ক্ষেত্রটি ছোট হচ্ছে। জাতীয় পর্যায়ের শিক্ষাক্রমে যেমন প্রবণতার প্রভাব পড়ছে তেমনি পড়ছে এর বাইরে। বানান-ভুল, শব্দ ব্যবহারে ভুল, উচ্চারণে ভুল, কথকতায় বা বক্তৃতায় বা টিভির টকশোতে ইংরেজি বাংলার দোআশলা স্থূল ব্যবহার চেতনায় আঘাত করে না। বরং ক্ষেত্র  বিশেষে তা ‘স্মার্টনেস’ এর প্রতীক হয়ে দাঁড়ায়। এফএম রেডিওর স্থূল, কখনো আপত্তিকর বাংলা- ইংরেজির ব্যবহারিক প্রচার আপাত বিচারে সরস ও তির্যক মনে হলেও প্রকৃতপক্ষে তা বাংলা ভাষার করুণ অবস্থারই প্রমাণ তুলে ধরে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এসব দেখার কেউ নেই। নিয়ন্ত্রণের কারো তৎপরতা লক্ষ্য করা যায় না। বাংলা ভাষার ব্যবহার সত্যিই এক ব্যাপক উদাসীনতার শিকার।

তিন
কেন বাংলা ভাষার এ দুরবস্থা, ক্রমশ পিছু হঠা? এর কারণ বুঝে ওঠা কঠিন কিছু নয়। বিশেষ করে ষাটের দশকের শেষার্ধে বাংলা ভাষার ব্যবহারে ও বাঙালিয়ানায় যে ব্যাপক ঢেউ উঠেছিল তা কেন দ্রুত ভাটার টানে নেমে গেল, আর ফিরে এলো না, সে বিষয়টুকুও দুর্বোধ্য নয়। সহজ বিচার-বিশ্লেষণে এর কারণ স্পষ্ট হয়ে ওঠে। স্বপ্নের পাকিস্তান নিয়ে বাঙালি মুসলমান সম্প্রদায়বাদী উন্মাদনার কারণ ছিল ‘শিক্ষা পদমান মর্যাদায়; বৈষম্য থেকে মুক্তি এবং তা প্রতিযোগিতাহীন স্বতন্ত্রভুবনে অর্থাৎ পাকিস্তানে। অনেক অনাকাঙ্ক্ষিত রক্তের বিনিময়ে অর্জিত পাকিস্তানেও দেখা গেল তারা এখানেও বৈষম্য ও শোষনের শিকার। এবং তা অধিক ও একাধিক মাত্রায়। পথম আঘাত ভাষার ওপর, উপলক্ষ রাষ্ট্রভাষা নির্ধারণ। সে ক্ষেত্রে একমাত্র উর্দুর অবস্থান হয়ে দাঁড়ায় কঠিন বাধা।

ছাত্রসমাজ স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় এ বাধার অচলায়তন ভেঙে ফেলে। এবং তা সফল ভাষা আন্দোলনের প্রতিক্রিয়ায়। অর্থনৈতিক-সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী চেতনার সর্বজনীন প্রকাশ ঘটে বাঙালিয়ানার মাধ্যমে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে জোরালো স্লোগান ওঠে একুশ দফা থেকে ছয় দফা হয়ে ১১ দফা ও ১৪ দফায়। ষাটের দশকের শেষ দিকে বাঙালিয়ানার জোয়ার শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে, মধ্যবিত্ত ও বিত্তহীন শ্রেণী নির্বিশেষে। শ্রেণী চেতনা পিছু হটে। এ জোয়ারে হাল ধরে রাজনৈতিক দল। এক পর্যায়ে আরোপিত যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ১৯৭১-এর ডিসেম্বরে। শিক্ষিত শ্রেণী পেশাজীবী ও ব্যবসায়ী শ্রেণীর বাঙালির হাতে এবার সব ক্ষমতা এসে যায়। আসে বিত্তবৈভব অর্জনের সুযোগ। এ শ্রেণী ইংরেজি আমলের ফসল, ঔপনিবেশিক রাজভাষা ও সংস্কৃতিতে অভ্যস্ত। এই শ্রেণীর আকাঙ্ক্ষিত সর্বমাত্রিক স্বার্থপূরণ হয় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়।

সংগ্রামকালীন অঙ্গীকার, ঘোষণা ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটে ১৯৭২-এ একটি সেক্যুলার সংবিধান প্রণয়নে, যেখানে বাংলাকে রাষ্ট্রভাষিক মর্যাদার আসনে বসানো হয়। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে অর্থাৎ জাতীয় জীবনের প্রধান ক্ষেত্রে ঔপনিবেশিক রাজভাষা ও রাজসংস্কৃতির অবস্থান অক্ষুন্ন থেকে যায়। একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এই শ্রেণীগত স্বার্থের কাছে হার মানে। শ্রম ও সময়সাপেক্ষে ভাষিক পরিবর্তনের দায় গ্রহণ ও পালন করে না সুবিধাবাদী-সুবিধাভোগী শ্রেণীগুলো। তাই পাকিস্তান আমলের মতো ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি ও ভাষিক সংস্কৃতি উচ্চশিক্ষা ও উচ্চ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বহাল থাকে। একমাত্র পরিবর্তন সংবিধানের রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে দ্বাদশশ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের ব্যবহার। শেষোক্ত বিষয়টির দুর্ভাগ্যজনক দিক হলো শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলা মাধ্যমে বিভাজিত করে শেষোক্তদের উচ্চশিক্ষায় সমস্যা সৃষ্টি করা। বাংলাভাষা ও বাঙালিয়ানা এভাবে নিজ হাতেই আহত ও রক্তাক্ত। পঞ্চাশ ও ষাটের দশকে এবং একাত্তরের লড়াইয়ের ঐতিহ্য নির্বাসনে। এক কথায় বিশিষ্টদের শ্রেণীস্বার্থ সব সমস্যার মূলে। নিম্নবর্গীয়দের লড়াইয়ের ফসল ওই শ্রেণীর অধিকারে। এমন এক আর্থ-সামাজিক ও শাসন ব্যবস্থায় চলছে বাংলাদেশ।

ভাষার মাস পালন, বইমেলা কি এক মাসের বাঙালিয়ানায় উল্লিখিত শ্রেণী সমস্যার সমাধানে এক পাও এগুতে পেরেছে বা পারছে? না, পারছে না। গোটা বিষয়টাই আনুষ্ঠানিকতায় পর্যবসিত ‘এক মাহিনাকা সুলতান’-এর মতো। পরবর্তী এগারো মাস আরামদায়ক ঘুম। একুশের সংস্কৃতি চর্চা সচেতন মনে শুধু প্রশ্নই রেখে যায়, প্রতিকারের আন্দোলন গড়ে তোলে না।

লেখক: রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক



রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৮/তারা

world class poet and poem

বিশ্ববরেণ্য কবিদের প্রেমের কবিতা

মুম রহমান : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০২-২৪ ৪:৫৯:২৭ পিএম     ||     আপডেট: ২০১৮-০২-২৫ ১২:৫৮:১১ পিএম

আমি নিজের সঙ্গে প্রেম করি
এলেন গিন্সবার্গ

আয়নায়, আমার নিজের ঠোঁটে চুমু খাই,
বলি, ‘আমি আমার আমিকেই ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি যে কারো চেয়ে বেশি।’

আরউইন এলেন গিন্সবার্গ আধুনিক মার্কিন কবিতায় আলোচিত এক নাম। পঞ্চাশের দশকে বিট প্রজন্মের কবিদের অন্যতম গুরু গিন্সবার্গ পরবর্তী সময়ে একাধিক কাব্য ধারার সঙ্গে যুক্ত হন। প্রভাবিত করেন বহু কবিকে। সমরবিদ্যা, অর্থনীতি, বস্তুবাদ, যৌন নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন তিনি। অন্যদিকে প্রাচ্য দেশীয় ধর্মতত্ত্ব, সমকামিতা ও নানা ধরণের মাদকে আসক্ত ছিলেন তিনি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘হাউল’ একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্কের বয়ান। যে সময়ে তিনি সমকামিতা নিয়ে কথা বলেন, তখন আমেরিকাতেও এ বিষয়ে কথা বলা রীতিমতো অপরাধ ছিলো।

আটকা পড়া
চালার্স বুকোস্কি

পোশাক খুলো না আমার ভালোবাসা
তুমি হয়তো একটা ম্যানিকুইন পেয়ে যাবে:
ম্যানিকুইনের পোশাক খুলো না
তুমি হয়তো
ভালোবাসা পেয়ে যাবে।

লস এঞ্জেলেসে বসবাস করা বুকোস্কি’র লেখা একই সঙ্গে যেমন আদৃত, আলোচিত, তেমনি সমালোচিতও। তার লেখা এবং চালচলন- উভয়ই ছিলো ভীষণ বিতর্কের। বহু নারীর সঙ্গে সম্পর্ক, প্রকাশ্যে মদ্য ও ধূমপান, সাহসী রচনা শৈলী, খিস্তি-খেউড়ের ব্যবহার তাকে বরাবর আলোচনায় রেখেছে। ছয়টি উপন্যাস, কয়েকশ গল্প এবং কয়েক হাজার কবিতার জনক বুকোস্কির প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০-এর অধিক। লস এঞ্জেলেসের আন্ডারগ্রাউন্ড নিউজপেপার ওপেন সিটিতে তিনি দীর্ঘদিন ‘নোটস অফ আ ডার্টি ওল্ডম্যান’ নামে কলাম লিখেছেন। এই সব কলাম লেখার কারণে এফবিআই-এর মতো সংস্থা তার উপর নজরদারি জারি রেখেছিলো। জনপ্রিয় এই কবি এলোমেলো জীবনযাপন করতেন। এক অর্থে তিনি খুবই সাধারণ হয়ে থাকতেন। টাইম পত্রিকা তাকে ‘মার্কিন সাধারণ জীবনের কবি’ বলে উল্লেখ করেছেন।

হয়তো বা
কার্ল স্যান্ডবার্গ

হয়তো আমাকে বিশ্বাস করে ও, হয়তো করে না।
হয়তো আমি ওকে বিয়ে করতে পারি, হয়তো নয়।

হয়তো তৃণভূমির হাওয়া,
হয়তো সমুদ্রের হাওয়া, হয়তো,
কেউ একজন, কোনখানে, হয়তো বলতে পারে।
আমি ওর কাঁধে মাথা রাখবো
আর যখন সে আমাকে জিজ্ঞাসা করবে আমি হ্যাঁ বলবো,
হয়তো।

আমেরিকান কবি, লেখক ও সম্পাদক কার্ল স্যান্ডবার্গ তিনবার পুলিৎজার পুরস্কার পেয়েছেন। দুইবার কবিতার জন্য এবং একবার আব্রাহাম লিঙ্কনের জীবনী লেখার জন্য। তার সময়ের অন্যতম সাহিত্য প্রতিভা হিসেবে তিনি গণ্য হতেন। ‘শিকাগো পোয়েম’, ‘কর্নহাস্কার’, ‘স্মোক এ- স্টিল’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ১৯৬৭ সালে তার মৃত্যুতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিনডন বি জনসন বলেছিলেন, ‘তিনিই ছিলেন আমেরিকা।’

আবার এবং আবার
রেনে মারিয়া রিলকা

আবার এবং আবার, যাহোক আমরা জানি
ভালোবাসার ভূমিচিত্র
আর ওইখানে ছোট্ট গির্জার আঙিনা, তার
বেদনাবিধুর নামের সাথে,
আর তীব্র নীরব অতলের মাঝে যেখানে
অন্যরা
পড়ে যায়: আবার এবং আবার আমরা দুজন হেঁটে আসি
একসাথে
প্রাচীন বৃক্ষের নিচে, শুয়ে থাকি আবার এবং
আবার
ফুলেদের মাঝে, আকাশের সাথে মুখোমুখি হয়ে।

রেনে কার্ল উইলহেম জোহান জোসেফ মারিয়া রিলকাকে আদতে বিশ্বের কবিতাপ্রেমীরা ‘রেনে মারিয়া রিলকা’ নামেই চেনেন। অস্ট্রিয়ার বোহেমিয়ান এই কবি ও ঔপন্যাসিক জার্মান ভাষার একজন শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবেই পরিচিত। তিনি গীতিময় গদ্য ও গভীর মরমী কাব্যের জন্যে প্রশংসিত।

একটা যথার্থ ভ্যালেন্টাইন
গার্টুড স্টাইন

খুব দারুণ আমার ভ্যালেন্টাইন
খুব দারুণ আর একান্ত
খুব একান্ত আমার ভ্যালেন্টাইন খুব একান্ত আর খুব সুন্দর।

খুব সুন্দর আমার ভ্যালেন্টাইন আর একান্ত, খুব সুন্দর খুব একান্ত
আর এ আমারই ভ্যালেন্টাইন।

গার্টুন্ড স্টাইন আমেরিকান কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং শিল্পকর্ম সংগ্রাহক। ১৯০৩ সাল থেকে তিনি অবশ্য আমৃত্যু ফ্রান্সেই বসবাস করেছেন। ইহুদি এই লেখিকার জীবনে প্যারিসের সম্পর্কই বেশি। প্যারিসে তিনি একটি শিল্প-আড্ডা (স্যালুন) চালাতেন যেখানে পাবলো পিকাসো, আর্নেস্ট হেমিংওয়ে, এফ. স্কট ফিটজারেল্ড, সিনক্লেয়ার লুইস, এজরা পাউন্ড, অঁরি মাতিসের মতো ব্যক্তিরা নিয়মিত আসতেন। স্টাইন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

ভালোবাসা
উমবার্তো সাবা

তোমার সান্নিধ্যে যখন গেলাম আমি বললাম বিদায়, ভালোবাসা,
যেহেতু এই বয়স আর এই ধূসরতাই আমার কাজে লাগে শুধু।
সেখানে ছিলো পৃথিবীর ছায়া এবং সূর্যের এবং, ওহ, এক হৃদয়হীন
বালকের হৃদয় ছিলো তোমার ভেতর।

আধুনিক ইতালির কাব্যজগতে ইউজিনো মন্তালো এবং গুইসেপে উনগারেত্তির মতো উমবার্তো সাবা অনিবার্য নাম। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর থেকে তার খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়ে। মন্তালে, উনগারেত্তি এবং পাভেজের কবিতা থেকে ব্যক্তি আমি বাদ পড়েছে, অন্যদিকে উমবার্তো সদাই আমি সচেতন কবি।

ভালোবাসা প্রয়োজনীয়
ফার্নান্দো পেসোয়া

ভালোবাসা অপরিহার্য।
যৌনতা, অবিমিশ্র দুর্ঘটনা
হতে পারে সমান
অথবা আলাদা।
মানুষ তো পশু নয় 
মেধাবী দেহ,
যদিও মাঝে মাঝে খারাপ।

পর্তুগিজ কাব্যজগতে ফার্নান্দো এন্তোনিয়ো নগুয়েইরা পেসোয়া এক বিস্ময়কর প্রতিভা। একাধারে কবি, লেখক, সমালোচক, অনুবাদক, প্রকাশক ও দার্শনিক পেসোয়া বিশ শতকের অন্যতম সেরা কবিদের একজন হিসেবে গণ্য হয়ে থাকেন। পর্তুগিজ ছাড়াও তিনি ফরাসী ও ইংরেজিতে লেখালেখি করেছেন। গার্ডিয়ান পত্রিকার বিশ্বসেরা শত বইয়ের তালিকায় তার ‘অশান্তির কবিতা’ ঠাঁই পেয়েছে। নিজের নাম ছাড়াও ছদ্মনামে তার অসংখ্য কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে।



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/তারা

WHITE TEETH INFO

প্রাকৃতিক ভাবে দাঁত সাদা করার ১০ উপায়

এস এম গল্প ইকবাল : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০২-২২ ১:২১:০৬ পিএম     ||     আপডেট: ২০১৮-০২-২৩ ১১:৩৮:৫২ এএম
প্রতীকী ছবি
এস এম গল্প ইকবাল : আমেরিকান অ্যাকাডেমি অব কসমেটিক ডেন্টিস্ট্রি অনুসারে, লোকজন হাসিতে পরিবর্তন আনার জন্য যা সবচেয়ে বেশি করে তা হচ্ছে, নিজেদের দাঁত সাদা করা। এ প্রতিবেদনে প্রাকৃতিক ভাবে দাঁত সাদা করার ১০টি উপায় উল্লেখ করা হলো।

* চূর্ণিত স্ট্রবেরি
চূর্ণিত স্ট্রবেরি দিয়ে দাঁত ব্রাশ করার বিষয়টি আপনার কাছে উদ্ভট মনে হতে পারে, কিন্তু এটি দাঁত সাদা করার একটি চমৎকার প্রাকৃতিক উপায়। স্ট্রবেরির অ্যাসিডিক উপাদান হালকা ব্লিচিং অ্যাজেন্ট হিসেবে কাজ করে। একটি বা দুইটি পাকা স্ট্রবেরি চূর্ণ করুন, এতে আপনার টুথব্রাশ চোবান এবং তারপর স্বাভাবিক ভাবে আপনার দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশ করা শেষ হলে মুখের অ্যাসিডিটি হ্রাস করতে এবং দাঁতকে যেকোনো ধরনের ড্যামেজ থেকে রক্ষা করতে সোডার এক চিমটি বাইকার্বনেট দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।

* নারকেল তেল
অয়েল পুলিং হচ্ছে, প্রাচীন ভারতীয় পদ্ধতি যেখানে মুখে তেল রেখে কয়েক মিনিট ধরে কুলকুচা করা হয়- সাধারণত আপনি যেভাবে মাউথওয়াশ ব্যবহার করেন সেভাবে। নারকেল তেল প্রাকৃতিক দাঁত সাদাকারক হিসেবে বিবেচিত এবং সাম্প্রতিক এক গবেষণা এর মৌখিক স্বাস্থ্য উপকারিতাকে সমর্থন করছে। নারকেল তেল ব্যবহার করে অয়েল পুলিং প্রকৃতপক্ষে দাঁতে প্লেকের গঠন ও মাড়ির রোগ হ্রাস করতে সাহায্য করে।

* বেকিং সোডা ও লেবুর রসের পেস্ট
লেবু কি আসলেই দাঁত সাদা করে? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে- হ্যাঁ! লেবুতে উচ্চমাত্রায় সাইট্রিক অ্যাসিড থাকে যা আপনার দাঁতের জন্য প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। তবে এটি ক্ষতিকারক হতে পারে। কিন্তু এক চামচ লেবুর রসের সঙ্গে যথেষ্ট বেকিং সোডা দিয়ে তৈরিকৃত পেস্ট প্রকৃতপক্ষে ঘরে দাঁত সাদা করার একটি কার্যকরী ও নিরাপদ উপায়। বেকিং সোডা হালকা ক্ষয়কারী (যা দাঁতের ওপর পড়া নোংরা প্রলেপ বা দাগ দূর করতে পারে) এবং খুব ক্ষারীয়, যা লেবুর রসের প্রাকৃতিক অ্যাসিডিটি প্রশমিত করতে সাহায্য করে।

* অ্যাক্টিভেটেড কাঠকয়লা
যদি আপনি প্রাকৃতিক দাঁত সাদাকারকের খোঁজ করেন, তাহলে আপনার জন্য অ্যাক্টিভেটেড কাঠকয়লা হতে পারে অন্য একটি কার্যকরী প্রাকৃতিক উপায়। অ্যাক্টিভেটেড কাঠকয়লা তৈরি হয় অক্সিজেন ও ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে কাঠকয়লা প্রক্রিয়াজাত করে এবং এটি এর অতিশয় শোষণকারী বৈশিষ্ট্যের কারণে কার্যকরী দাঁত সাদাকারক অ্যাজেন্ট হিসেবে বিবেচিত। দাঁতের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড কাঠকয়লা ট্যানিন শোষণে চমৎকার ভূমিকা পালন করে। ট্যানিন হচ্ছে কফি, চা ও ওয়াইনে থাকা পদার্থ যা দাঁতে দাগ ফেলে। আপনার টুথব্রাশে অ্যাক্টিভেটেড কাঠকয়লার পাউডার লাগান এবং দাঁতের দাগ দূর করার জন্য স্বাভাবিকভাবে দাঁত ব্রাশ করুন।

* কমলার খোসা
কমলার খোসার ভেতরটা দিয়ে দাঁত ঘষা হচ্ছে, দাঁত সাদা করার একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায়। খোসার সাদা অংশ বা অ্যালবেডোতে লিমোনিন থাকে- লিমোনিন হচ্ছে ন্যাচারাল সলভেন্ট ক্লিনার এবং প্রকৃতপক্ষে তা অনেক বাণিজ্যিক দাঁত সাদাকারক প্রোডাক্টে ব্যবহার করা হয়। কমলার মাংসল অংশের মতো এর খোসা অ্যাসিডিক নয়, তাই দাঁতের এনামেল ড্যামেজ হওয়ার কোনো ঝুঁকি নেই বলে এটি ব্যবহার করা নিরাপদ।

* তুলসী পাতা ও সরিষা তেল
শুকনো তুলসী পাতা চূর্ণ করে পাউডারে পরিণত করুন এবং ঘরে দ্রুত ও কার্যকরী উপায়ে আপনার দাঁত সাদা করার জন্য তা সরিষার তেলে মিশান। আপনি সতেজ তুলসী পাতাও ব্যবহার করতে পারেন: সতেজ তুলসী পাতাকে পিষে পেস্ট বানান এবং টুথব্রাশের মাধ্যমে তা সরাসরি দাঁতে প্রয়োগ করুন। বলা হয়ে থাকে যে, তুলসী পাতা মাড়িকে রক্ষা করে এবং সরিষা তেলের অ্যান্টিব্যাক্টেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে- যা আপনার মৌখিক স্বাস্থ্যকে উন্নত করে।

* আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগারের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে (যেমন- এটির অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে), কিন্তু প্রকৃতপক্ষে এটি যে দাঁত সাদা করতে পারে তা সম্পর্কে অনেকে অবগত নন। দাঁতের দাগ দূর করতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করতে পারেন এবং তারপর নির্মল শ্বাসের জন্য ও মাড়ির ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য আপেল সিডার ভিনেগার দিয়ে কুলকুচা করতে পারেন।

* সামুদ্রিক লবণ ও বেকিং সোডা
বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এটির ক্ষারীয় গুণ এবং দাঁতের যেকোনো দাগ মৃদুভাবে দূর করার ক্ষমতার কারণে প্রাকৃতিক দাঁত সাদাকারক হিসেবে বিবেচিত। এর সঙ্গে সামুদ্রিক লবণ যোগ করে অ্যান্টিব্যাক্টেরিয়াল ট্রুথ স্ক্রাব করতে পারেন, যা মুখে অ্যাসিড প্রশমিত করে এবং ব্যাকটেরিয়াও নির্মূল করে।

* হলুদের গুঁড়া
দাঁত সাদাকারক হিসেবে হলুদ ব্যবহার করা যায়। হলুদ হচ্ছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এতে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যার ফলে দাঁতের সমস্যা যেমন- মাড়ির রোগের চিকিৎসায় এটি কার্যকরী। হলুদের সূক্ষ্ম গুঁড়া মৃদুভাবে দাঁতের দাগ দূর করে এবং তাৎক্ষণিক দাঁতকে সাদা করে তুলে। এক টেবিল চামচ হলুদের গুঁড়া আঙুল দিয়ে দাঁতে ঘষুন, পরিষ্কার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করুন এবং মুখ ধুয়ে ফেলুন।

* ঘরে তৈরিকৃত টুথপেস্ট
আপনি দাঁত সাদাকারক টুথপেস্ট ঘরে নিজে নিজে তৈরি করতে পারেন। নারকেল তেলের সঙ্গে সোডার বাইকার্বনেট, অল্প পরিমাণে লেবুর রস এবং এক ফোঁটা পিপারমিন্ট অয়েল বা পুদিনা তেলের সমন্বয় হতে পারে শক্তিশালী দাগ-দূরকারী পেস্ট, যা প্রকৃতিগতভাবে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাক্টেরিয়াল।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ

sweet info

গুড়ের যত উপকার

আহমেদ শরীফ : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-০৪ ৫:১৯:৪১ পিএম     ||     আপডেট: ২০১৮-০৩-০৪ ৫:১৯:৪১ পিএম
আহমেদ শরীফ: শীতের দাপট কমে গেছে। তবে পিঠা খাওয়ার ধুম কিন্তু কমেনি। বিভিন্ন পিঠা তৈরিতে গুড় জরুরি এক উপকরণ। গুড় বিভিন্নভাবে এমনকি চায়ের সাথেও খাওয়া হচ্ছে এখন। কেউ কেউ চিনির বিকল্প হিসেবেও গুড় খান। বিশেষ করে আখের রস থেকে তৈরি গুড় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চলুন জেনে নেই গুড়ের আরো কিছু উপকারিতার কথা।

*শরীরে হজম সহায়ক এনজাইম উদ্দীপ্ত করে হজমে সহায়তা করে গুড়। এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়।

* লিভার থেকে ক্ষতিকর টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখতে গুড় উপকারী ভূমিকা পালন করে। শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করতে চাইলে পরিমাণ মতো গুড় খান।

* কফ, ঠান্ডা, ফ্লু থেকে দূরে থাকতে গুড় খেতে পারেন। কুসুম গরম পানিতে গুড় মিশিয়ে পান করুন। চায়ের সাথে চিনি না মিশিয়ে গুড় মিশিয়ে পান করুন। এতে ঠান্ডার সমস্যা থেকে রক্ষা পেতে পারেন।

* গুড়ের বড় একটি উপকারিতা হলো এটি রক্ত পরিষ্কার করে। রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে। নিয়মিত অল্প পরিমাণে গুড় খেলে রক্ত পরিষ্কার হয়। গুড়ে অ্যান্টি অক্সিডেন্ট ও জিংক, সেলেনিয়ামের মতো মিনারেল আছে। তাই শরীরে ক্ষত দ্রুত সারাতেও গুড় ভূমিকা রাখে।

*বিভিন্ন ফ্যাক্টরি বা কয়লাখনিতে বায়ুদূষণ হয় এমন এলাকার শ্রমিকদের জন্য গুড় খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা।

* রজঃস্রাবজনিত জটিলতা, পিরিয়ডের আগে পেট ব্যথা দূর করতে নারীরা গুড় খেতে পারেন।কেননা গুড়ে আয়রন থাকে। রক্ত শূন্যতা কমায়। পাকস্থলীর জন্যও গুড় উপকারী। তাপমাত্রা সঠিক রেখে পাকস্থলীকে সুস্থ  রাখে গুড়।

* গুড়ে পটাশিয়াম থাকে, যা শরীরে এসিডের পরিমাণ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। নিয়মিত গুড় খেলে শ্বাস-প্রশ্বাসজনিত রোগ অ্যাজমা, ব্রঙ্কাইটিস দূর হয়। চিনি খেলে কিছুক্ষণ পর শক্তি অনুভব হয়, তবে তা ক্ষতিকর। অন্যদিকে, গুড় ধীরে ধীরে শরীরে শক্তি যোগায় এবং সে শক্তি অনেকক্ষণ থাকে। ক্লান্তি ও দুর্বলতা কমায় গুড়।

* গুড় মস্তিষ্কের জন্যেও উপকারী। এছাড়াও মাংসপেশীসহ শরীর গঠনে সহায়তা করে গুড়। এটি ত্বক উজ্জ্বল রাখে, ব্রণ দূর করে। হেঁচকি উঠলে গুড় খেতে পারেন, উপকার পাবেন। পুরুষদের প্রস্রাবের সমস্যা দূর করে গুড়। শীতে গরুসহ গবাদিপশুদের শরীর গরম রাখতে গুড় খাওয়ানো হয়। গবাদিপশুর দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে গুড়।

সতর্কতা: গুড় বেশি খাওয়া ঠিক না। পরিমাণমতো খেতে হবে। দীর্ঘদিন গুড় খেলে অন্ত্রে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৮/তারা